নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষাটি নির্বাচনকালীন পরিবেশে নেওয়া হলে পরীক্ষার্থীদের জন্য ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে—এ কারণে পরীক্ষা স্থগিত চাওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর আগে জানায়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগে একযোগে পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার কেন্দ্র, হল, আসন বিন্যাসসহ পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা সময়মতো কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd
) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর পিএসসি ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর ৪ ডিসেম্বর আবেদন কার্যক্রম শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!