আইন-আদালত

শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৬ এপ্রিল

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৮:২০ এএম
শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৬ এপ্রিল

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আজ রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানির দিন ধার্য করেছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির জন্য সময় প্রার্থনা করেন।

এর আগে ২২ ফেব্রুয়ারি পলাতকদের হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার দুই আসামি হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতকরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ২৫ জুলাই রাতের এক অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’-এর মাধ্যমে জাহাজবাড়িতে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে গ্রহণ করা হয় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!