আইন-আদালত

পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৭:১০ এএম
পাবনা-৩ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের আবেদনের শুনানি গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আজ বুধবার (১১ মার্চ) এ আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম ও মাসুদ হাসান।

এ আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার। এর আগে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে ২৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেয়।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে গঠিত বেঞ্চে শুনানি হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চ অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে ‘২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনী আবেদনপত্র, সংক্রান্ত রুল ও শুনানি’ বিষয়ক কাজও পরিচালনা করছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!