অপরাধ ও দুর্নীতি

জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৫:৫৮ পিএম ১৫
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৫০ কোটি টাকার ব্যাংক ঋণ লোপাট এবং ২১৮ কোটি টাকার আয়করের আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যান মাহফুজুর রহমান ও আবুল বারকাতসহ ১৮ পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পৃথক চিঠি ইস্যু করা হয়। তলবকৃতদের মধ্যে ১৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে হবে: সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত, পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ, নজিবুল ইসলাম দিপু, আএম দেবনাথ, সৈয়দ বজলুল করিম, প্রফেসর মোহাম্মদ মইনউদ্দিন, মো. আবু নাসের, সঙ্গিতা আহমেদ, নিতাই চন্দ্র নাগ, এ কে এম কামরুল ইসলাম এবং পরিচালক মো. মাহাবুবুর রহমান হিরন।

২০ জানুয়ারি তলবকৃতরা হলেন: সাবেক চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, পরিচালক অজিত কুমার পাল, মেশকাত আহমেদ চৌধুরী, কে এম শামসুল আলম, মুহাম্মদ আসাদ উল্লাহ, মো. জিয়া উদ্দিন আহমেদ এবং মো. হেলাল উদ্দিন।

তলবকৃতদের মধ্যে জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় গত ১১ জুলাই ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন এবং দুদক টিম জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদ করবে।

এছাড়া গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের চেয়ারম্যান শামীমা আতিকুল্লাহ খানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদক। জানা গেছে, এই শিল্প পরিবারের ঋণ ছিল সোনালী ব্যাংকে, যা ২০১২ সালে জনতা ব্যাংক কিনে নেয়। পরবর্তীতে নতুন ঋণও প্রদান করা হয়। অভিযোগ অনুযায়ী, গ্রুপটির প্রায় ৮০০ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে।

দুদকের এই পদক্ষেপে ব্যাংক ঋণ খেলাপি ও সরকারি অর্থের অবৈধ ব্যবহার প্রতিরোধে জোরদার নজরদারি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!