অপরাধ ও দুর্নীতি

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ৯ ফেব্রুয়ারি

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৭:৩৬ এএম ১৭
শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ৯ ফেব্রুয়ারি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

মামলাটি দায়ের করা হয়েছিল জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের একটি জুম মিটিংয়ে অংশগ্রহণ ও অন্তর্বর্তী সরকার উৎখাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। কারাগারে থাকা একাধিক আসামির আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত আগামী ৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনলাইন মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার চেষ্টা এবং বর্তমান সরকার উৎখাতের পরিকল্পনা করা হয়েছিল। জুম মিটিংয়ে ৫৭৭ জন দেশ-বিদেশ থেকে অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনার নির্দেশ মেনে চলার বিষয়ে একমত প্রকাশ করেন।

মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক, আর ২৭ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেফতাররা হলেন, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ কয়েকজন।

মামলাটি তদন্ত শেষে সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক চার্জশিট দাখিল করেন। শেখ হাসিনার পাশাপাশি মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন – ড. রাব্বি আলম, কবিরুল ইসলাম, কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি, শাহীন, এডভোকেট এএফএম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবির, সাবিনা বেগম ও শরিফুল ইসলাম রমজান।


আরএস-রাসেল

Tags:
শেখ হাসিনা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!