সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। সংঘর্ষে পেছনে থাকা আরেকটি যাত্রীবাহী বাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শনিবার সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার সময় ইউনিক পরিবহনের একটি বাসও এতে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএস
No comments yet. Be the first to comment!