সারাদেশ

চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৫:৫৫ পিএম ১৬
চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসুরক্ষা নিশ্চিত করতে মহানগর পুলিশ ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে।

আজ ১৭/০১/২০২৬ শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থানরত দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তির মহানগরে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩৩০ জনের তালিকায় শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্যদের নাম রয়েছে। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ এবং মহিউদ্দিন বাচ্চু।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর এবং আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

সিএমপি জানিয়েছে, এই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে নেওয়া হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!