সারাদেশ

ঝিনাইদহের সাফদারপুর হাটে কোটি টাকার খেজুর গুড়ের বেচাকেনা

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:৫০ এএম ১৬
ঝিনাইদহের সাফদারপুর হাটে কোটি টাকার খেজুর গুড়ের বেচাকেনা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে শীতের মরশুমে খেজুর গুড়ের জমজমাট হাট বসেছে, যেখানে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) প্রায় ৭০-৮০ লাখ টাকার গুড় বেচাকেনা হয়।

হাটে বিভিন্ন গ্রামের গাছিরা সাইকেল, ভ্যান ও আলমসাধু বোঝাই করে ঝোলা গুড়, দানা গুড় ও জিড়েন রসের পাটালি নিয়ে আসেন। ঢাকার পাশাপাশি খুলনা, নাটোর ও পাবনা থেকে পাইকারি ব্যবসায়ীরাও এখানে বড় পরিমাণে গুড় ক্রয় করছেন।

গুড় বিক্রেতা আশরাফুল ইসলাম জানান, “হাটটি বহু বছর ধরে চলে আসছে। বাইরের ব্যবসায়ীরা আসায় আমরা ভালো দাম পাই।” হাটের ইজারাদার আবুল কাশেম বাবু বলেন, “হাটের ঐতিহ্য ও গুড়ের মান ভালো থাকার কারণে এটি জেলার অন্যতম বড় হাট হিসেবে পরিচিত। সরকারি সহায়তা থাকলে উৎপাদন আরও বাড়বে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার ৬টি উপজেলায় প্রায় ১ লাখ ৪২ হাজার খেজুর গাছ রয়েছে, যার মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৬০টি রস আহরণযোগ্য। চলতি মৌসুমে জেলার গাছি ও ব্যবসায়ীরা প্রায় ৪৮ লাখ লিটার খেজুর রস ও ৮৭২ মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

হাটে সাধারণ ক্রেতা থেকে পাইকারি ব্যবসায়ী সবাই গুড় কিনে নেন। দোড়া গ্রামের নাজমুল হোসেন জানান, “১০–১২ কেজি ওজনের গুড় ভর্তি একটি ভাঁড় ১৩০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!