সারাদেশ

বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ সিলেট থেকে শুরু

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৬:১৪ এএম ১১
বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ সিলেট থেকে শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিএনপি।  আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫৪ মিনিটে সিলেট আলিয়া মাদরাসা মাঠে দলের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশে কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন আম্বারখানা মসজিদের ইমাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, যিনি এখনও মঞ্চে পৌঁছাননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভার সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

দীর্ঘ ১৭ বছর পর ঢাকার বাইরে নির্বাচনী সমাবেশে অংশ নিচ্ছেন তারেক রহমান। তিনি বুধবার রাতে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল ও শাহ পরাণ (র.) এর মাজার জিয়ারত করেন এবং দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে রাত্রিযাপন করেন।

সমাবেশস্থল ভোরের আলো ফোটার আগেই নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। দলীয় ব্যানার, পতাকা ও পোস্টারে সজ্জিত সড়ক পথে মিছিল ও স্লোগান শুরু হয়। স্থানীয় নেতাদের মতে, সিলেট তারেক রহমানের জন্য কেবল সাংগঠনিক অঞ্চল নয়, এটি ব্যক্তিগত ও রাজনৈতিক আবেগেরও কেন্দ্র।

সফরসূচি অনুযায়ী, সিলেটের সমাবেশ শেষে তারেক রহমান ঢাকা পথে রওনা হবেন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।


আরএস-রাসেল

Tags:
সিলেট

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!