সারাদেশ

সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:০৩ এএম ১২
সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর সমন্বয় প্রক্রিয়ার (কো-অর্ডিনেশন) মাধ্যমে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান।

সভায় জেলা প্রশাসক ও চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ তুলে ধরে একটি উপস্থাপনা দেন। উপস্থাপনা শেষে সেনাপ্রধান চট্টগ্রামের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররাও সভায় অংশ নেন। সভায় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসংস্থাগত সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!