সারাদেশ

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ: পুলিশের যেসব বিধিনিষেধ

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৫:২৬ এএম ১১
চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ: পুলিশের যেসব বিধিনিষেধ

বিএনপি ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন এবং অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা ইট-পাথর বহন ও ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া রাষ্ট্রের নিরাপত্তার পরিপন্থী কোনো বস্তু প্রদর্শন, ব্যানার বা প্ল্যাকার্ড বহন ও ব্যবহারও নিষিদ্ধ থাকবে।

একই সঙ্গে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০-এর ৯ ও ১৩ ধারার আলোকে অননুমোদিত ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য দলের নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, কর্মসূচিতে অংশ নিতে তিনি এক দিন আগেই চট্টগ্রামে পৌঁছাবেন।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফরে গিয়েছিলেন। সে সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে নগরের লালদীঘি ময়দানে এক জনসভায় বক্তব্য দেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তাঁর চট্টগ্রাম আগমনকে ঘিরে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যাচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!