সারাদেশ

নোয়াখালীতে প্রবাসীসহ ৬১ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৫:৩২ এএম ১১
নোয়াখালীতে প্রবাসীসহ ৬১ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৬১ হাজার ২৫১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫৫ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ৫ হাজার ৩৬৩ জন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন প্রবাসী ভোটারদের পাশাপাশি সরকারি–বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররা। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে চলতি মাসের ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন গ্রহণ করা হয়। ইতিমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

আসনভিত্তিক তথ্যে দেখা যায়, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ীর একাংশ) আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৩ হাজার ৬৬৭ জন ভোটার। নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর অংশবিশেষ) আসনে এই সংখ্যা ৯ হাজার ২২৭ জন এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ১২ হাজার ৮৫৯ জন।

এ ছাড়া নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১০ হাজার ৩৬০ জন ভোটার। নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে নিবন্ধিত পোস্টাল ভোটারের সংখ্যা ১১ হাজার ৭০৩ জন এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এ সংখ্যা ৩ হাজার ৪৩৫।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, নিবন্ধিত ভোটাররা ডাকযোগে প্রাপ্ত ব্যালট পেপারে ভোট প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন। এসব ব্যালট আলাদাভাবে সংরক্ষণ করা হবে এবং মূল নির্বাচনের দিন সাধারণ ভোটগ্রহণ শেষে গণনা করা হবে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালী জেলায় বর্তমানে মোট ভোটার ২৮ লাখ ৬৭ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৬ হাজার ৬৪৮ জন, নারী ভোটার ১৩ লাখ ৭০ হাজার ৯৭৯ জন এবং হিজড়া ভোটার ১৪ জন। জেলায় মোট ৮৭৫টি ভোটকেন্দ্রে ৫ হাজার ৬০৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আরএস-রাসেল

Tags:
নোয়াখালী

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!