সারাদেশ

এই সমাজের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেওয়া হবে: জামায়াত আমির

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৫:৪১ এএম ১০
এই সমাজের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেওয়া হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যুবকদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেছে তাঁর দল। তিনি বলেন, ‘আমরা যুবকদের কথা দিয়েছি—আল্লাহ আমাদের তৌফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলব। এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা তোমাদের হাতেই তুলে দেব।’

আজ শনিবার (২৪ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, দল হিসেবে তারা পেছন থেকে যুবকদের শক্তি, সাহস, সমর্থন ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন। তিনি যুবকদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

এর আগে সকালে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন। এ সময় শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে যেন ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে। যুবকরা যাতে তাদের পছন্দমতো ভোট দিতে পারে, সে বিষয়ে কেউ যেন হেলাফেলা করতে না পারে—সেজন্য আবারও লড়াই করতে হবে।’ তিনি এটিকে ‘জুলাইযোদ্ধা’দের নতুন দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

যুবকদের সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, তরুণরা যে অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে, তারা তা শেষ করতে পারবে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

শহীদ আবু সাঈদ ও তাঁর সহযোদ্ধাদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব জাতির কাঁধে এসেছে, জামায়াত জীবন দিয়ে হলেও সেই আমানত রক্ষা করবে। তিনি একটি দুর্নীতি, সন্ত্রাস, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন, যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ শান্তিতে বসবাস করবে এবং যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র গঠনে অংশ নেবে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দলটি চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি কিংবা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেনি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জাতিকে বিভক্তির হাত থেকে রক্ষা করতেই ১০টি রাজনৈতিক দল একত্র হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ৩০০ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়েছে।

দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও অন্যায়ের কাছে মাথা নত করা হবে না। দেশের এক ইঞ্চি জমির মর্যাদাও কোনোভাবে বন্ধক রাখা হবে না।’


আরএস-রাসেল

Tags:
জামায়াত আমির

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!