সারাদেশ

জালেম ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার ডাক হান্নান মাসউদের

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৬:২৫ এএম ১২
জালেম ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে যুক্ত হওয়ার ডাক হান্নান মাসউদের

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দশ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, জুলুমকারীদের ছাড়া সবাইকে জোটে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বুড়িরচর বাজারে এক পথসভায় তিনি বলেন, “কে কোন দল করছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে সাধারণ মানুষের ওপর জুলুম করেছে। আমরা জালেমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে। অতীত ভুল ভোলা যাক, আসুন সবাই মিলে সুন্দর হাতিয়া গড়ি।”

হান্নান মাসউদ আরও বলেন, “বুড়িরচরের মানুষ আমার কাছে পরম আত্মীয়। সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সব সাধারণ মানুষ, ভোটার ও নাগরিক আমার কাছে নিরাপদ। তবে সন্ত্রাসী কার্যক্রম করলে কঠোর হস্তে প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি হুমকি-ধমকির বিষয়েও জানান, “হুমকি জনস্রোতে ভেসে যাবে। যারা হুমকি দিয়েছে বা দিবে, প্রতিটি হুমকি রেকর্ড হবে। আমরা সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করি। তাই হুমকি না দিয়ে প্রচারণা করুন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বোঝান কেন আপনাদের নির্বাচন প্রয়োজন।”

হাতিয়ার স্থানীয় পরিকল্পনা তুলে ধরে হান্নান মাসউদ বলেন, “বুড়িরচরের ৪৮ হাজার ভোটের মধ্যে বুড়িরচরবাসী শতভাগ ভোট আমাকে উপহার দেবে, ইনশাআল্লাহ। মা-বোনরা উদগ্রীব হয়ে বসে আছেন, এই বুড়িরচর থেকে আমরা বিজয়ের মালা পরব, ইনশাআল্লাহ।”

পথসভায় বক্তব্য রাখেন শাহবাগ থানা জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম, এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ প্রমুখ। এছাড়া এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!