ঠাকুরগাঁও জেলার পূর্বাঞ্চলে আজ সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি ঘটে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা তাৎক্ষণিকভাবে নির্ণয় করা না গেলেও ধারণা করা হচ্ছে, এটি অগভীর ছিল। তাদের মতে, বেশিরভাগ মানুষ এই ভূমিকম্প অনুভব করেননি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা জানান, সেখানে ঝাঁকুনি তুলনামূলক বেশি অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী গোলাম মোস্তফা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৩১ কিলোমিটার।
এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় নগরের বিভিন্ন এলাকা ছাড়াও কয়েকটি উপজেলায় কম্পনের খবর পাওয়া যায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!