সারাদেশ

চট্টগ্রামের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

আপডেট: জানু ২৫, ২০২৬ : ০৫:০০ এএম ১৩
চট্টগ্রামের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

সিলেট সফরের পর বিএনপির দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের এক সদস্য আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগে সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন জানান, রোববার (২৫ জানুয়ারি) সকালে তারেক রহমান চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে দলের নীতিগত অবস্থান তুলে ধরবেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ওই দিন চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার পর তারেক রহমান ফেনীর পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোনাগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে ধারাবাহিকভাবে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

মাহাদী আমীন জানান, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওই দিন তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশে বক্তব্য দেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!