সারাদেশ

ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

আপডেট: জানু ২৫, ২০২৬ : ০৫:৪৮ এএম ১৫
ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তরুণরা তাকে ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’ ডাকলে তার ভালো লাগবে। তিনি নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে তরুণদের সঙ্গে এক আলোচনায় এ পরামর্শ দেন।

চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত তারেক রহমান বলেন, “আপনারা যারা প্রশ্ন করবেন, আমাকে ভাইয়া বলতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেল ডাকতে পারেন, তবে আঙ্কেল ডাকতে শুনলে খুব একটা ভালো লাগবে না।”

আলোচনার সময় একজন তরুণী প্রশ্ন করলে তিনি নিজেই তাসনুভাকে ‘ভাইয়া’ বলে সম্বোধন করতে উৎসাহ দেন। এছাড়া তিনি দেশের যুবশক্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন।

উদ্যোক্তা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, বিএনপি নির্বাচিত হলে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণসহায়তা এবং বিদেশে পড়াশোনার জন্য স্টুডেন্ট লোন প্রদানের বিষয় নিয়ে ভাবনা রয়েছে। এছাড়া জলাবদ্ধতা ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বলেন, “চট্টগ্রামসহ সব বড় শহরে জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম ও আশেপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আসা তারেক রহমান নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশেও বক্তব্য দেবেন। তিনি ফেনী, কুমিল্লা, সোনাগাজী ও দাউদকান্দি এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!