বিএনপি জয়লাভ করে সরকার গঠন করলে পরবর্তী পাঁচ বছরে সারা দেশে ৫০ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ, বায়ুদূষণ রোধ ও মানুষের জন্য নির্মল বাতাস নিশ্চিত করতেই আমরা এই বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছি।”
পরিবেশ সংক্রান্ত এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের দেশে বিশেষ করে শহরাঞ্চলের বাতাস অনেক দূষিত। প্রায় ২০ কোটি মানুষ এখানে বসবাস করছে। তাই তাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিশ্চিত করতে বায়ুদূষণের সঙ্গে লড়াই করতে হবে। আমরা আগামী ৫ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি।”
চারা উৎপাদনের উৎস ও পরিকল্পনা সম্পর্কে তারেক রহমান জানান, “বৃক্ষ মূলত বর্ষা মৌসুমে লাগানো হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় একটি করে নার্সারি রয়েছে, যার চারা উৎপাদন ক্ষমতা প্রায় ২০-২৫ হাজার। যদি এই ক্ষমতা বৃদ্ধি করা যায়, লক্ষ্যে সহজেই পৌঁছানো সম্ভব হবে।”
মতবিনিময় সভায় চট্টগ্রামের ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!