সারাদেশ

১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক: আসিফ মাহমুদ

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:২৯ পিএম
১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক: আসিফ মাহমুদ

১১ দলীয় জোটের প্রার্থীরা দেশ ও জাতির মুক্তির প্রতীক—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি বলেন, প্রার্থী বা প্রতীক নয়, দেশ ও জাতির মুক্তি নিশ্চিত করতে পারে—এমন জোট ও প্রার্থীকেই সমর্থন দিতে হবে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এনসিপির নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ইতোমধ্যে ৩০০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ‘এই প্রার্থীদের আপনারা দেশ ও জাতির মুক্তির প্রতীক হিসেবে দেখবেন। কার কী প্রতীক, সেটা দেখার সময় এখন নেই। আমরা শুধু দেখব, কোন প্রার্থী ও কোন জোট এ দেশের জনগণকে মুক্তি দিতে পারবে। আমরা সবাই চোখ বন্ধ করে তাদের ভোট দেব।’

বোয়ালখালী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফকে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি ভোটের মাধ্যমেই বাংলাদেশ সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে। তিনি দাবি করেন, এই নির্বাচন দেশকে দীর্ঘমেয়াদি স্বাধীনতা ও মুক্তির দিকে নিয়ে যাবে।

সমাবেশে আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে সংস্কারের কথা বললেও, বাস্তবে সংস্কারের সময় এলে তারা নীরব থেকেছে। তিনি বলেন, ‘আমরা শুধু আমাদের প্রার্থীদের জন্য ভোট চাইছি না। আপনারা যদি ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করেন, আমরা পাঁচ বছর আপনাদের সেবা দিতে পারব। কিন্তু গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হয়, তাহলে এর সুফল শুধু আমরা নয়—আমাদের পরবর্তী প্রজন্মও ভোগ করবে।’

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তার ভাষ্য, গণভোটের মাধ্যমে দেশে টেকসই সংস্কার নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় তিনি আরও বলেন, পরাজিত ও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা ফ্যাসিবাদী শক্তিগুলো গণভোটে ‘না’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। তবে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করবে বলে তিনি দাবি করেন।

সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!