সারাদেশ

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

আপডেট: জানু ২৭, ২০২৬ : ০৫:৩৮ এএম
চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শন করেছেন।  আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরের দামপাড়া এলাকার বাদশা মিয়া সড়কে অবস্থিত কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে তিনি যান।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরিদর্শনের সময় ওয়ার সিমেট্রিটির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশগত দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সমাধির রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ সংরক্ষণ উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, টেকসই ও আধুনিক নগর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কমনওয়েলথ ওয়ার সিমেট্রি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) অধীনে পরিচালিত একটি ঐতিহাসিক সৌধ। এটি সাধারণভাবে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামে পরিচিত। নগরের ওয়েল পার্ক রেসিডেন্সের কাছে দামপাড়ার ১৯ নম্বর বাদশা মিয়া সড়কে এর অবস্থান।

দুটি বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর হয়ে যুদ্ধরত রাজকীয় ব্রিটিশ বাহিনীর প্রায় ১৭ লাখ নিহত সদস্যের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে এই কমিশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটি বিশ্বের ১৫০টি দেশে প্রায় ২৩ হাজার সমাধি ও স্মৃতিসৌধ পরিচালনা করছে। বাংলাদেশে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের তত্ত্বাবধানে তিনটি সমাধি রয়েছে—কুমিল্লার ময়নামতি, চট্টগ্রামের দামপাড়া এবং নেত্রকোনার মোহনগঞ্জে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!