সারাদেশ

চট্টগ্রামে ঘরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট: জানু ৩১, ২০২৬ : ০৫:৫৩ এএম
চট্টগ্রামে ঘরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরের ভেতরে আটকে পড়া দুই কন্যাশিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
 
শুক্রবার দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে কবিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুদের বয়স আনুমানিক দেড় ও তিন বছর। তারা স্থানীয় বাসিন্দা ইসমাইলের সন্তান। পরিবারটি হাসান হাজীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা বাইরে থাকায় ঘরের দরজা বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে শিশুরা। কিছুক্ষণ পর তাদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা দরজা খোলার চেষ্টা করেন। তবে ব্যর্থ হলে আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনোয়ারা স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে তালাবদ্ধ দরজা খুলে শিশু দুটিকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মো. মাহিম বলেন, “শিশুদের মা ও পরিবারের সদস্যরা বাইরে কাজে ব্যস্ত ছিলেন। কান্নার শব্দ শুনে আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। তারা দ্রুত এসে শিশু দুটিকে উদ্ধার করে।”

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মজিবুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ দরজা খুলে শিশু দুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। তারা সুস্থ রয়েছে এবং কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!