দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বাড়ছে নেতাকর্মীদের ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় ভিড় আরও ঘন হচ্ছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
মাঠজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বেলুন, ধানের শীষের প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর পুরো এলাকা।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভোর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। অনেকেই ফজরের নামাজ শেষে মাঠে অবস্থান নেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে মাঠে প্রবেশ করছেন।
ঝালকাঠি থেকে আসা ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, দীর্ঘদিন পর দলের প্রধান নেতা বরিশালে আসছেন। তরুণদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, জনসমাগমই তার প্রতিফলন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে নৌপথে সকাল ৫টায় রওনা হয়ে সমাবেশে যোগ দেন স্বেচ্ছাসেবক দলের কর্মী মজিবর মোল্লা। তিনি বলেন, কষ্ট হলেও কোনো অভিযোগ নেই। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমরা মাঠে আছি।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকা থেকে আসা মহিলা দলের কর্মী নাজমা বেগম বলেন, নারীরাও এই আন্দোলনের অংশ। শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়েই এখানে এসেছি। সমাবেশস্থলে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মাঠের উত্তর পাশে বড় মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে। পুরো এলাকা তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের বরিশাল আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা পরিবর্তন ও গণতন্ত্র চায়।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্র দলকে ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল লড়াই হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!