সারাদেশ

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৫:১৯ এএম
জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

নুরুজ্জামান বাদল গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাঁকে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ময়মনসিংহে নেওয়ার পথে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হয়।

আইনে উল্লেখ রয়েছে, এ ক্ষেত্রে মৃত ব্যক্তিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্যই বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া থাকতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে।

তবে আইনে কিছু ব্যতিক্রমের কথাও বলা হয়েছে। যদি কোনো প্রার্থী চূড়ান্তভাবে বৈধ ঘোষিত হওয়ার আগেই মারা যান অথবা সংশ্লিষ্ট আসনে একই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী থাকেন, তাহলে নির্বাচন স্থগিত করার প্রয়োজন হয় না।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!