ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন। দীর্ঘ দুই দশক পর এটি তার প্রথম বরিশাল সফর।
তারেক রহমানকে এক নজর দেখতে সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় ভিড় জমে। বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি নেতাদের মতে, তার মঞ্চে উপস্থিতির মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে।
সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তিনি, তখন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। এবার চেয়ারম্যান হিসেবে বরিশালে আসায় দক্ষিণাঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে দলীয় নেতারা মন্তব্য করেন।
হেলিকপ্টার থেকে নামার পর বরিশাল বিভাগের ও জেলার শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনও নিরাপত্তা জোরদার করেছে। মাঠ ও আশপাশে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন।
বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, দুই দশক পর দলীয় প্রধানকে সরাসরি দেখতে পাওয়া তাদের জন্য অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণামূলক মুহূর্ত। তারা বলেন, “এটি শুধু একটি জনসমাবেশ নয়, এটি দলের শক্তি, ইতিহাস ও পুনরুত্থানের প্রতীক।”
বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় যোগ দেবেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে এটিকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণের পরিকল্পনা করা হয়েছে এবং প্রশাসন প্রয়োজনীয় সমন্বয় করছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!