সারাদেশ

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৬:২৯ এএম
শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ আজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সেই আসনের নির্বাচন বাতিল করবেন। এই পরিস্থিতিতে আইন অনুযায়ী নতুন তফসিল ঘোষণা করা বাধ্যতামূলক। তবে সচিব জানিয়েছেন, আগের বৈধ প্রার্থীরা নতুন করে মনোনয়নপত্র জমা দেবেন না।

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করে পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করতে হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!