চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) পঞ্চম দিনের মতো এই কর্মসূচি চলায় দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন মঙ্গলবার এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, “টানা পঞ্চম দিন বন্দরের অপারেশনাল কাজ বন্ধ রয়েছে। বহির্নোঙরেও কোনো কার্যক্রম চালু নেই। এনসিটির ইজারা বাতিল এবং শ্রমিকদের বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে।”
সরেজমিনে দেখা গেছে, কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও সাধারণ পণ্য ওঠানামার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এনসিটি, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থসহ সব টার্মিনালেই কাজ বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় জি-টু-জি ভিত্তিতে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়া আরও এগিয়ে গেলে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নামেন।
শুরুর দিকে আন্দোলন মিছিল-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে শ্রমিক-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!