সারাদেশ

ঝালকাঠির জনসভায় মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির

আপডেট: ফেব ০৬, ২০২৬ : ১১:৩৭ এএম ১৯
ঝালকাঠির জনসভায় মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির
ঝালকাঠিতে নির্বাচনি জনসভায় শীতল পাটি উপহার পেয়ে মঞ্চে শুয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে নির্বাচনি জনসভায় ব্যতিক্রমী এক মুহূর্তের সাক্ষী হয়েছেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক স্থানীয় ব্যক্তির কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে তাৎক্ষণিকভাবে মঞ্চেই শুয়ে পড়েন, যা মুহূর্তেই জনসভায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়।

শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এ ঘটনা ঘটে। মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এক ব্যক্তি ডা. শফিকুর রহমানের হাতে শীতল পাটি তুলে দেন। উপহার গ্রহণের পর তিনি হাসিমুখে মঞ্চেই কিছুক্ষণ শুয়ে পড়েন। পরে উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় তাকে।

দীর্ঘ সময় পর ঝালকাঠি সফরে আসা জামায়াতের আমিরের উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এটি তার তৃতীয় ঝালকাঠি সফর বলে জানিয়েছেন দলীয় নেতারা।

এই সফরকে কেন্দ্র করে জেলার দুটি সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। জনসভায় নেতাকর্মীদের ভিড় এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই ডা. শফিকুর রহমানের এই স্বতঃস্ফূর্ত আচরণকে সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রকাশ হিসেবে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ একে ব্যতিক্রমী মুহূর্ত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নির্বাচনি প্রচারের ভিন্ন কৌশল বলেও মন্তব্য করছেন।

Tags:
জামায়াতের আমির ড. শফিকুর রহমান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!