নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের প্রধান ভবনের সামনে ৪ নম্বর গেটে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। বন্দরের ভেতরে যানবাহনের চলাচল প্রায় বন্ধ ছিল।
সরেজমিনে দেখা গেছে, জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনসহ বহির্নোঙর (আউটার লাইটারেজ) এলাকায় পণ্য খালাস ও পরিচালনার সব কাজ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেয়। তবে আন্দোলনকারীরা ওই সভা প্রত্যাখ্যান করেছেন।
এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এনসিটি ইজারা না দেওয়ার পাশাপাশি আরও কয়েকটি দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা ও সব ধরনের আইনি হয়রানি বন্ধ করা।
মো. ইব্রাহিম খোকন বলেন, ‘সকাল ৮টা থেকে বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’
শ্রমিক নেতাদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাদের দুই নেতা শামসু মিয়া টুকু ও আবুল কালাম আজাদকে তুলে নেওয়া হয়েছে। ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবির জানান, তারা এর আগেও ধাপে ধাপে কর্মবিরতি পালন করেছেন। নৌ উপদেষ্টার আশ্বাসে গত শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত রাখা হলেও প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় এবার আরও কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!