চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, জেলার ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের মধ্যেও ভোটাররা আনন্দের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এবারের নির্বাচনে দুটি ব্যালটে ভোট গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বোরকা পরিহিত নারী ভোটারদের পরিচয় যাচাই করতে অতিরিক্ত সময় লাগায় লাইনে অপেক্ষার সময় দীর্ঘ হয়েছে। তবে ভোটাররা এতে বিরক্ত না হয়ে উৎসাহ ও আনন্দের সঙ্গে ভোট দিয়েছেন।
তিনি আরও জানান, এই নির্বাচনে সরকারের লক্ষ্য ছিল ইতিহাসের সেরা নির্বাচন আয়োজন করা। সেই উদ্দেশ্যে চট্টগ্রামে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা ইতোপূর্বে কখনো করা হয়নি।
নির্বাচন পরিচালনায় চ্যালেঞ্জের বিষয়ও তুলে ধরে জেলা প্রশাসক বলেন, যারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন, তারা সকলেই নতুন ছিলেন এবং এলাকার প্রকৃতি, মানুষ বা পরিবেশের সঙ্গে পূর্বপরিচয় ছিল না। তবে তারা এটিকে চ্যালেঞ্জ নয়, বরং দায়িত্ব হিসেবে নিয়েছেন।
তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। সরকার ও সংশ্লিষ্ট সব বাহিনী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে আন্তরিক ছিল।”
জেলা প্রশাসক উল্লেখ করেন, কিছু সীমাবদ্ধতার কারণে নতুন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পরিচয় ও অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!