ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকার আরোহী দুই মা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন—নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২), হৃদয় (২৫) ও একই গ্রামের নিলুফা (৩৬)। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা জানিয়েছেন, আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তারা প্রাইভেটকারে করে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১২টার দিকে সরাইলের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “সিলেট থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে চাপা দেয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুইজন মারা যান।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!