সারাদেশ

শুধু রমজানে মাথায় টুপি তুলবেন না: আমির হামজা

আপডেট: ফেব ২২, ২০২৬ : ০৫:৪৩ এএম
শুধু রমজানে মাথায় টুপি তুলবেন না: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, কেবল রমজান মাসে নয়, সারা বছরই ধর্মীয় অনুশাসন মেনে চলার পরিবেশ থাকা উচিত।

শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি আমির হামজা বলেন, ‘আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত করেন। আমরা চাই এই পরিবেশ যেন বাকি ১১ মাসও থাকে। শুধু রমজানে মাথায় টুপি তুলবেন না। এখন যেমন দেখছি, আগামী ১১ মাসও যেন আপনাদের চেহারা-সুরত ও কর্মে তা প্রতিফলিত হয়।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের কাজকে তিনি মহান পেশা হিসেবে দেখেন। ‘আপনারা যে পেশায় আছেন, সেখান থেকে তথ্য সংগ্রহ করে জাতির সামনে তুলে ধরেন। এই কাজটিকেও আমরা ইবাদত হিসেবে বিবেচনা করি না অনেক সময়,’ বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নানা আলোচনা থাকলেও গণতন্ত্রের বিজয় হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকেরা স্বচ্ছতা বজায় রেখে ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলবেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার। সঞ্চালনায় ছিলেন শহর শাখার আমির এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলটির যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব.) খন্দকার এ কে এম আলী মুহসিন।

ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!