সারাদেশ

চট্টগ্রামের গ্যাস সংকটে দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৬:২২ এএম
চট্টগ্রামের গ্যাস সংকটে দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ

গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুটি বৃহৎ সার কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল থেকে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এ উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান গ্যাস সংকটের কারণে শিল্পখাতে গ্যাস সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নেওয়ায় উভয় কারখানায় পর্যাপ্ত গ্যাস চাপ না থাকায় উৎপাদন চালানো সম্ভব হয়নি।

সিইউএফএল স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে কাফকোর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া ও ১ হাজার ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া। বর্তমানে এই বিপুল উৎপাদন স্থগিত রয়েছে।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর। কম চাপের গ্যাসে উৎপাদন চালালে যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কা থাকে। তাই নিরাপত্তা ও সরকারি নির্দেশনা অনুযায়ী উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা সরবরাহ ঝুঁকি দেখা দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত উৎপাদন পুনরায় চালু করা হবে।

গত বছরের ১ নভেম্বর দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর সিইউএফএল পুনরায় চালু হলেও উৎপাদন ১২ ঘণ্টার বেশি সচল রাখতে পারেনি। কাফকোও গত অক্টোবর মাসে অভ্যন্তরীণ কারণে ১৫ দিন উৎপাদন বন্ধ রাখেছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!