খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ৪–৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ বাজারের একটি সরু গলি থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে সীমিত থাকলেও অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্বর্ণের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান দাউ দাউ করে জ্বলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দীঘিনালা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। আড়াই ঘণ্টার চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “আগুন দ্রুত দ্বিতীয় ও তৃতীয় গলিতে ছড়িয়ে পড়ায় পুরো বাজার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।”
দীঘিনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন এবং অনেকেই তাদের জীবনের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!