নীলফামারীতে শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টার পর থেকে থেমে থেমে চলা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও শিলার আঘাতে কিছু এলাকায় ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও সদর উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে আলু, গম, ভুট্টা, মরিচ, বাদাম, তামাক, কলাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কাঁচা ফল পড়ে গেছে। বসতবাড়ির টিনের ছাউনি ফুটো হয়ে গেছে, কোথাও জানালার কাচও ভেঙে গেছে।
ডিমলা উপজেলার কৃষক হামিদুল ইসলাম বলেন, “হঠাৎ ঝড় ও বড় বড় শিলা পড়ে কয়েক মিনিটের মধ্যে সব ফসল নষ্ট হয়ে গেছে। আলুর ক্ষতি আগে হয়েছে, এখন অন্য ফসলও শেষ।” ডোমার চিলাহাটি এলাকার কৃষক সুমন মিয়া জানান, “শিলাবৃষ্টির কারণে কলা ও মরিচের খেত মাটিতে নুয়ে গেছে।”
ডিমলা উপজেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর জানান, আগামী কয়েকদিনও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি, তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!