সারাদেশ

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে জোর দেওয়ার আহ্বান ডিসির

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৪:৪৯ এএম
চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে জোর দেওয়ার আহ্বান ডিসির

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি চা-বাগানে শ্রমিকদের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে চা-শ্রমিকদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে তাদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চা-শ্রমিকরা চা-বাগানের প্রাণ। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী আয় ও তৈরি পোশাক খাতের পাশাপাশি চা রপ্তানিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। এ কারণে সরকার তাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে আটটি নবনির্মিত ঘরের চাবি শ্রমিক পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি উপহার সামগ্রী বিতরণ এবং ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ দেওয়া হয়। পরে ১০০ জন শ্রমিকের মধ্যে পোশাক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে, তবে ব্যক্তিগত সচেতনতারও প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণ। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তরের আওতায় ভাতা কর্মসূচির পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগের মাধ্যমে প্রতিটি পরিবার মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা পাবে, যা তাদের জীবনমান উন্নয়ন ও শিক্ষায় ব্যয় করা যাবে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে চা-শ্রমিকদের যাতায়াত সুবিধার জন্য একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় তিনি বলেন, বৈশ্বিক সংকটে বৈদেশিক মুদ্রার গুরুত্ব আরও বেড়েছে। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, নেপচুন চা-বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মমিনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!