সারাদেশ

রাস্তার পাশের ঝোপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৬:৩৮ এএম
রাস্তার পাশের ঝোপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রাস্তার পাশের ঝোপ থেকে এক জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় শিশুটিকে দেখতে পান স্থানীয় এক মুসল্লি।

প্রত্যক্ষদর্শী আব্দুর ছালাম জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে শব্দ অনুসরণ করে রাস্তার পাশের ঝোপে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনকে খবর দিলে তাদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না; একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় তাকে পাওয়া যায়। রাতভর খোলা জায়গায় পড়ে থাকার কারণে শিশুটি শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিল বলে জানা গেছে।

পরে শিশুটিকে দ্রুত সখীপুর মা ও শিশু ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন বলেন, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের তত্ত্বাবধানে রয়েছে। তারা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। শিশুটির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!