ধর্ম

৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৫:৩০ এএম ১১
৩০ দিনে ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালন

রজব মাসে সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত ১ কোটি ৪৮ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববী–সংক্রান্ত সাধারণ কর্তৃপক্ষ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, শুধু রজব মাসেই বিদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরবে প্রবেশ করেছেন ২০ লাখের বেশি মুসল্লি। তাঁরা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও অঞ্চল থেকে এসেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ওমরাহ পালনকারীর এই উল্লেখযোগ্য বৃদ্ধি সৌদি আরবের সেবাব্যবস্থার উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার প্রতিফলন। পাশাপাশি হাজি ও মুসল্লিদের জন্য সম্প্রসারিত সুযোগ–সুবিধা ও সমন্বিত ব্যবস্থার কার্যকারিতাও এতে স্পষ্টভাবে উঠে এসেছে।

কর্তৃপক্ষ জানায়, ভিসা ও ভ্রমণ প্রক্রিয়ায় ডিজিটাল সেবা চালু, অনলাইন বুকিং ব্যবস্থা, স্মার্ট অ্যাপের ব্যবহার এবং সমন্বিত পরিবহন ও আবাসন সুবিধার ফলে মুসল্লিদের যাতায়াত ও ইবাদত আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এর ফলে স্বল্প সময়ে বেশি মানুষ নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারছেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবেই হজ, ওমরাহ ও জিয়ারত ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। এর লক্ষ্য হলো দুই পবিত্র মসজিদে মুসল্লিদের প্রবেশ সহজ করা এবং যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করা।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সেবার মান আরও উন্নত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এসবের মধ্যে রয়েছে ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়ন, ভিড় ব্যবস্থাপনা জোরদার এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সেবার সম্প্রসারণ।

কর্তৃপক্ষের প্রত্যাশা, এসব উদ্যোগের ফলে আগামী দিনে ওমরাহ ও হজ পালনকারীদের সংখ্যা আরও বাড়বে এবং মুসল্লিরা আরও স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে ইবাদত সম্পন্ন করতে পারবেন।

সূত্র: সৌদি গেজেট

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!