যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা (এফসিএনএ)। সংস্থাটির হিসাব অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে এবং ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
সংস্থা জানায়, তারা চন্দ্রমাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক গণনাকে শরিয়ত সম্মত পদ্ধতি হিসেবে গ্রহণ করে। রমজান ও শাওয়ালসহ হিজরি মাস নির্ধারণে দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান কাউন্সিল অব ফাতওয়া অ্যান্ড রিসার্চের মানদণ্ড অনুসরণ করা হয়।
এফসিএনএ বলেছে, পৃথিবীর কোথাও সূর্যাস্তের সময় চাঁদ ও সূর্যের কৌণিক দূরত্ব কমপক্ষে ৮ ডিগ্রি হতে হবে এবং চাঁদকে দিগন্তের ওপরে অন্তত ৫ ডিগ্রি উচ্চতায় থাকতে হবে। এই শর্ত পূরণ হলে নতুন মাস শুরু হয়।
সংঘের ঘোষণায় বলা হয়েছে, রমজানের নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার জন্ম নেবে। ফলে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। তারাবির নামাজও মঙ্গলবার রাত থেকেই শুরু হবে।
শাওয়াল মাসের নতুন চাঁদ জন্ম নেবে ১৯ মার্চ সন্ধ্যায়। চাঁদের কৌণিক দূরত্ব ও উচ্চতার শর্ত পূরণ হওয়ায় ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন হবে।
ফিকহ কাউন্সিল জানিয়েছে, ঈদুল আজহার তারিখ যথারীতি সৌদি আরবের মক্কায় হজ কর্তৃপক্ষের আরাফার দিনের ঘোষণার ভিত্তিতে নির্ধারণ করা হবে। সংস্থাটি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেছে।
ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত একটি স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান। এটি উত্তর আমেরিকার মুসলিমদের জন্য ফতোয়া প্রদান, ধর্মীয় প্রশ্ন ও বিবাদ মীমাংসা এবং চন্দ্র ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে থাকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!