ধর্ম

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না– এগুলো মিথ্যা প্রচারণা : ধর্ম উপদেষ্টা

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:৪৯ এএম ১৫
‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না– এগুলো মিথ্যা প্রচারণা : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বা রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না— এ ধরনের প্রচারণা মিথ্যা। তিনি বলেন, “কেউ বিভ্রান্ত হবেন না, এগুলো সব মিথ্যা প্রচারণা।”

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, গণভোট দেশের রাজনীতির ধারা পাল্টে দেবে। আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে যাকে ইচ্ছা ভোট দেবেন, আর গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের চেহারা পাল্টে দেবেন।”

খালিদ হোসেন নাগরিকদের কাছে অনুরোধ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মৌলিক অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। তিনি সকলকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিপ্লব সৃষ্টির জন্য আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণভোটের মাধ্যমে তৈরি দিকনির্দেশনা অনুযায়ী আগামীতে সরকার দেশ পরিচালনা করবে।”
অন্য বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “‘হ্যাঁ’ ভোট মানে জুলাই অভ্যুত্থান, আর ‘না’ ভোট মানে ফ্যাসিবাদ। মাঝামাঝি কোনো অবস্থান নেই। নীরব থাকা মানে ফ্যাসিবাদের পক্ষে থাকা।”

ইমামদের প্রতি ড. খালিদ হোসেন আহ্বান জানান, জনগণের মধ্যে ‘হ্যাঁ’ ভোটের জন্য সক্রিয় ভূমিকা রাখার।

সম্মেলনের সভাপতি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। সম্মেলন আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!