ধর্ম

ঋণ ফেরত না দেওয়ায় ১৫০ ওমরাহ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৫:৪৭ এএম ১১
ঋণ ফেরত না দেওয়ায় ১৫০ ওমরাহ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

করোনা মহামারির সময় সরকারের কাছ থেকে নেওয়া কর্জে হাসানা (ফেরতযোগ্য ঋণ) পরিশোধ না করায় ১৫০টি ওমরাহ এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা অংশীদারদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার ৮ ফেব্রুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওমরাহ ও হজ সেকশন থেকে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে এ চিঠি পাঠানো হয় বলে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত ওমরাহ এজেন্সিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সিগুলোর জামানতের ৫০ শতাংশ অর্থ কর্জে হাসানা হিসেবে প্রদান করা হয়েছিল। এ খাতে প্রতিটি এজেন্সিকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়।

এজেন্সিগুলোর অনুরোধে কর্জে হাসানা পরিশোধের সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। সর্বশেষ ষষ্ঠ দফায় সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও ১৫০টি ওমরাহ এজেন্সি এখনো কর্জে হাসানা বাবদ নেওয়া ১০ লাখ টাকা পরিশোধ করেনি।

এ প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কর্জে হাসানা বাবদ নেওয়া ১০ লাখ টাকার এফডিআর মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে লিয়েনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট ওমরাহ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!