ধর্ম

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৭:৫১ এএম
এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গত বছর সরকারি ব্যয়ে কাউকে হজ নেওয়া হয়নি এবং এই বছরও নেওয়া হবে না। তিনি জানান, চলতি বছর হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, গত দেড় বছরে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করা হয়েছে। বিমানভাড়া ২০২৪ সালের এক লাখ ৯৪,৮০০ টাকা থেকে ২০২৬ সালের এক লাখ ৫৪ হাজার টাকায় কমানো হয়েছে।

তিনি আরও জানান, গত বছর সরকারি মাধ্যমের হাজিদের খরচ নির্বাহের পর উদ্বৃত্ত ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। এছাড়া ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত অব্যয়িত প্রায় ৩৮ কোটি টাকা হজ এজেন্সির কাছে ফেরত এসেছে।

২০২৫ সালের হজে চালু করা তিনটি নতুন সেবার মধ্যে রয়েছে ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, মোবাইল রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড। এবছর হজ প্যাকেজ তিনটি করা হয়েছে; সাশ্রয়ী প্যাকেজের খরচ মাত্র ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। প্যাকেজ-৩ এর হাজিদের জন্য মক্কায় বাড়িভাড়ার ব্যবস্থাও হারাম শরীফ থেকে দেড় কিলোমিটার ভিতরে করা হয়েছে।

উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা, আবাসন ও অন্যান্য সেবা উন্নত করার মাধ্যমে এবার সব হাজি বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন। হজ শেষে প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর হাজিদেরকে তিন কোটির বেশি টাকা ফেরত দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!