ধর্ম

রমজানে আল-আকসায় প্রবেশের অনুমতি পাবেন শুধু ১০ হাজার ফিলিস্তিনি

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৭:৫৪ এএম
রমজানে আল-আকসায় প্রবেশের অনুমতি পাবেন শুধু ১০ হাজার ফিলিস্তিনি

পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ে শুধুমাত্র ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে বয়সভিত্তিক কড়াকড়িসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, রমজানজুড়ে প্রতি শুক্রবার আল-আকসা প্রাঙ্গণে সর্বোচ্চ ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে শুধুমাত্র ৫৫ বছর ও তদূর্ধ্ব পুরুষ, ৫০ বছর ও তদূর্ধ্ব নারী, এবং ১২ বছরের নিচে শিশু প্রবেশ করতে পারবেন। শিশুদের পরিবারের সঙ্গে থাকতে হবে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ফিলিস্তিনি বেসামরিক বিষয়ক সংস্থা সিওজিএটি জানিয়েছে, প্রতিদিন আলাদা অনুমতিপত্র নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে।

রমজানে সাধারণত কয়েক লাখ ফিলিস্তিনি মুসল্লি আল-আকসায় নামাজ আদায় করেন। ইসলামের তৃতীয় পবিত্রতম এ মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালে এলাকা দখলের পর ইসরায়েল এটি নিজেদের সঙ্গে যুক্ত করলেও আন্তর্জাতিকভাবে তা স্বীকৃত নয়।

ফিলিস্তিনি জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ছায়া স্থাপনা বসানো ও অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের মতো প্রস্তুতি কাজ করতে ইসলামিক ওয়াকফকে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রবীণ ইমাম শেখ মুহাম্মদ আল-আব্বাসিকেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থায় ইহুদিরা প্রাঙ্গণ পরিদর্শন করতে পারলেও সেখানে প্রার্থনা করতে পারেন না। সম্প্রতি কট্টর ইহুদি জাতীয়তাবাদীরা এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!