ধর্ম

রমজানের প্রথম দশকে হারামাইনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি উপস্থিত

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৬:১২ এএম
রমজানের প্রথম দশকে হারামাইনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি উপস্থিত

রমজানের প্রথম ১০ দিনে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার মুসল্লি ও ওমরাহ পালনকারী উপস্থিত হয়েছেন।

দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের রমজানের প্রথম দশকে মুসল্লি ও ওমরাহকারীর সংখ্যা ৩১,৯৫০,০০০ জনে পৌঁছেছে।

রমজানজুড়ে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববী পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত করার সুবিধা দিতে হাজারো কর্মী, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা সদস্য দিনরাত দায়িত্ব পালন করছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মুসল্লিদের প্রবেশ ও প্রস্থান সহজ করা, নামাজের স্থান পরিচ্ছন্ন রাখা, জমজম পানি সরবরাহ, দিকনির্দেশনা প্রদানসহ সার্বিক সেবায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুলসংখ্যক মুসল্লির চাপ সামাল দিতে সমন্বিত পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।

সাধারণত রমজানের প্রথম দশকে মুসল্লির উপস্থিতি বাড়তে থাকে, তবে শেষ দশকে, বিশেষ করে শবে কদরের রাতগুলোতে সবচেয়ে বেশি ভিড় হয়। সেই সময়ে আরও বড় জমায়েতের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি জোরদার করেছে কর্তৃপক্ষ।

রমজানের বরকতময় পরিবেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের পদচারণায় হারামাইন শরিফাইন এখন পূর্ণ আধ্যাত্মিক আবহে মুখর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!