অর্থনীতি

আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৫:৫৬ এএম ১৫
আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। তিনি বলেন, দেশে আগেও নির্বাচন হয়েছে, তবে এবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দেশের মানুষের পাশাপাশি বিদেশিরাও গভীরভাবে নজর রাখছেন। একই সঙ্গে রয়েছে সংস্কার ও গণভোটের বিষয়।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে কোন সিদ্ধান্ত প্রয়োজন, তা জনগণই গ্রহণ করবে। যেখানে সংস্কার দরকার, সেখানে সংস্কার করা হবে। তিনি বলেন, দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আমরা কিছু কাজ শুরু করেছি, কিন্তু সব শেষ করা সম্ভব হয়নি। আমরা যা শুরু করেছি, তা জনগণের কল্যাণের জন্যই। অতীতে দেখা গেছে, কেউ কিছু ভালো উদ্যোগ নিলে পরবর্তী সরকার এসে তা বন্ধ করে দেয়। আশা করি, ভবিষ্যতে যে সরকার দায়িত্ব নেবে, তারা এই উদ্যোগগুলো এগিয়ে নেবে।’

তিনি বলেন, বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে। তবে আরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ছাড়া জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!