দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সরকারিভাবে এলপিজি আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
রোববার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানি প্রক্রিয়া শুরুর জন্য বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসানকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও শিগগিরই পাঠানো হবে।
উপদেষ্টা আরও বলেন, সরকার থেকে সরকার পর্যায়ে এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হবে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং দামের ভারসাম্য ফিরতে সহায়ক হবে। তবে আপাতত সরকার শুধু আমদানির পর্যায়েই যুক্ত থাকবে। এলপিজি সংরক্ষণ, বোতলজাতকরণ ও বিতরণ কার্যক্রম বেসরকারি খাতের মাধ্যমেই পরিচালিত হবে।
সাম্প্রতিক সময়ে দেশে এলপিজির সংকট দেখা দিলে গত ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দিয়ে সরকারিভাবে এলপিজি আমদানির অনুমতি চায় বিপিসি। চিঠিতে উল্লেখ করা হয়, দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটের সময় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। ফলে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট মোকাবিলার কার্যকর কোনো ব্যবস্থা সরকারের হাতে থাকে না।
বিপিসির আবেদনের পরিপ্রেক্ষিতেই সংস্থাটিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!