অর্থনীতি

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে গণভোটে অংশগ্রহণ জরুরি: বাণিজ্য উপদেষ্টা

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০২:৪৪ পিএম ১১
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে গণভোটে অংশগ্রহণ জরুরি: বাণিজ্য উপদেষ্টা

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে আসন্ন নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ সোমবার (১৯ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট প্রচার সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের সন্তানদের জন্য আমাদের দায় রয়েছে। তাদের জন্য একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র রেখে যাওয়া আমাদের কর্তব্য। সে কারণেই আগামী নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য গণভোটের আয়োজন করছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে মাত্র চার মিনিটে সংবিধান সংশোধনের নজির রয়েছে, যেখানে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। এসব কারণেই দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গড়ে উঠেছিল। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সকল নাগরিকের গণভোটে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচারের কথা উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবাইকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হক ভূইয়া এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!