অর্থনীতি

সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৫:০০ পিএম ১২
সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে দুই লাখ ৪৪ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দর আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে বিশুদ্ধ (তেজাবি) সোনার দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫ ডলারের বেশি হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

এদিকে সোনার দামের সঙ্গে সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।


আরএস-রাসেল

Tags:
সোনা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!