চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। নভেম্বর পর্যন্ত যেখানে রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল প্রায় ২৪ হাজার কোটি টাকা, ডিসেম্বর শেষে তা প্রায় দ্বিগুণ হয়েছে।
এনবিআরের সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। একই সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি ৩৭ লাখ টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি ৩৭ লাখ টাকা। যদিও এই সময়ে রাজস্ব আদায়ে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৪ শতাংশের কিছু বেশি।
গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে (জুলাই–ডিসেম্বর) এনবিআরের রাজস্ব আদায় ছিল ১ লাখ ৬২ হাজার ২০৯ কোটি ১২ লাখ টাকা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এনবিআরের রাজস্ব আদায়সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
খাতভিত্তিক হিসাবে দেখা গেছে, প্রথম ছয় মাসে আয়কর খাতে আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি ৫২ লাখ টাকা। ফলে আয়কর খাতে ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি ২৫ লাখ টাকা।
শুল্ক বা কাস্টমস খাতে ৬৫ হাজার কোটি ৮৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ টাকা। এতে ঘাটতি হয়েছে ১২ হাজার ১৪০ কোটি ২৯ লাখ টাকা।
অন্যদিকে ভ্যাট খাতে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি ২৪ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা। ফলে ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৫ কোটি ৭৬ লাখ টাকা।
এই সময়ে আয়কর, শুল্ক ও ভ্যাট খাতে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১৪ দশমিক ৬৭ শতাংশ, ৬ দশমিক ৮১ শতাংশ এবং ১৯ দশমিক ৯৭ শতাংশ।
একক মাস হিসেবেও ডিসেম্বর মাসে এনবিআর রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। ডিসেম্বরে ৫১ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৬ হাজার ১৯৯ কোটি ৫ লাখ টাকা। ওই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ২৫ শতাংশ।
ডিসেম্বর মাসে আয়কর থেকে আদায় হয়েছে ১৩ হাজার ৯৮৪ কোটি টাকা, শুল্ক থেকে ৯ হাজার ৯৫০ কোটি টাকা এবং ভ্যাট থেকে ১২ হাজার ২৬১ কোটি টাকা।
চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরবর্তীতে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!