অর্থনীতি

৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৪:৫৫ এএম ১০
৩০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫–২৬ অর্থবছরে কাফকো থেকে ১১তম লটে এ সার কেনা হবে। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকো থেকে মোট ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার লক্ষ্যে একটি সংশোধিত চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। তারই অংশ হিসেবে ১১তম লটের জন্য সারের দরপ্রস্তাব আহ্বান করা হলে কাফকো তাদের প্রস্তাব জমা দেয়।

চুক্তি অনুযায়ী, প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম ধরা হয়েছে ৪০৫ দশমিক ২৫ মার্কিন ডলার। সে হিসাবে ৩০ হাজার মেট্রিক টন সারের মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হারে দেশীয় মুদ্রায় ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা।

সরকারি সূত্র জানায়, কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এই ক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরএস-রাসেল

Tags:
সরকার ইউরিয়া সার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!