জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, বাজারে ফলসহ আমদানি-নির্ভর পণ্যের দাম বাড়ার মূল কারণ ডলারের মূল্যবৃদ্ধি, কর বা শুল্ক নয়। সরকার সাম্প্রতিক সময়ে আমদানি পণ্যে কোনো শুল্ক বৃদ্ধি করেনি।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
চেয়ারম্যান জানান, গত দেড় বছরে রাজস্ব বাড়ানোর জন্য কোনো ট্যারিফ বাড়ানো হয়নি। বরং জনস্বার্থে চাল, পেঁয়াজ, আলু ও সয়াবিন আমদানি শুল্ক কমানো হয়েছে। ফল আমদানি-নির্ভর পণ্যের ক্ষেত্রে ভুল তথ্য প্রচার হচ্ছে, তিনি বলেন, ফলের ওপর ডিউটি কমানো হয়েছে এবং খেজুর আমদানি ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে শুল্ক কমানো হয়েছে।
তিনি বলেন, ডলারের দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে ৮০–৮৫ টাকা থেকে ১২৬–১২৭ টাকায় পৌঁছানোর ফলে আমদানিতে খরচ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে।
এছাড়া এনবিআর চেয়ারম্যান উল্লেখ করেন, সরকার শুল্ক কাঠামো যৌক্তিক করার (রেশনালাইজেশন) উদ্যোগ গ্রহণ করেছে। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ আর উচ্চ শুল্ক কাঠামো বজায় রাখতে পারবে না। তবে দেশের শিল্প সুরক্ষার জন্য কিছু ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি প্রয়োজন হতে পারে।
রাজস্ব আদায় প্রসঙ্গে তিনি বলেন, অনলাইন রিটার্ন বাধ্যতামূলক হওয়ার পর প্রায় ৪৭ লাখ করদাতা রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে ৩৪ লাখের বেশি রিটার্ন জমা পড়েছে, এবং এতে প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। শেষ সময়ে প্রতিদিন এক থেকে দেড় লাখ রিটার্ন জমা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে সময় বৃদ্ধি করার বিষয়টিও বিবেচনা করা হবে।
এনবিআরকে নীতি ও ব্যবস্থাপনা দুই ভাগে বিভক্ত করার কাজ নির্বাচনের আগে চূড়ান্ত করার আশা প্রকাশ করেন চেয়ারম্যান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!